রাজধানীর কুর্মিটোলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন এক কনস্টেবল। নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে এই হামলা চালানো হয়। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল।
বহরটি হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামের টহল গাড়ির দিকে ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণে গাড়ির চালকের আসনে থাকা কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।
আরও পড়ুন: ডিবি হেফাজতে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকেই ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে থাকা টহল গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে চালকের আসনে থাকা পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি আরও জানান, ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































