ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি ভক্তদের সচেতন করেছেন এবং এ ধরনের কনটেন্ট তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন।
সাদিয়া লিখেছেন, “কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতা আর সস্তা মনোভাবটাই বেশি ফুটে ওঠে।” তিনি আরও বলেন, “২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে।”
আরও পড়ুন: ফেসবুকে হতাশা জানালেন অভিনেত্রী মৌ শিখা
অভিনেত্রী ভক্তদের উদ্দেশে বলেন, “আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!” তিনি অনুরোধ করে বলেন, “যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট ও পেজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।” সাদিয়া জানান, তিনি এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবেন, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।













































































































































































































































