হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘এক্সট্রাকশন’-এর তৃতীয় কিস্তি আসতে চলেছে। এই সিনেমার প্রথম দুটি পর্বে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছিলেন ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থ। এবারও তিনি একই চরিত্রে ফিরছেন, এবং ইতোমধ্যে ছবিটির প্রস্তুতি শুরু হয়েছে। তবে, বর্তমানে তিনি মার্ভেলের নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি আবারও ‘থর’ চরিত্রে অভিনয় করছেন।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্সট্রাকশন’-এর প্রথম কিস্তি নেটফ্লিক্সে প্রচারিত হয়েছিল। তবে, ছবিটি ঢাকার ভুল উপস্থাপনা এবং বিভিন্ন অসংগতির কারণে সমালোচনার মুখে পড়েছিল। এরপর দ্বিতীয় কিস্তি মুক্তি পেলেও তা তেমন আলোচনায় আসেনি। তবে, দুটি ছবিই রটেন টম্যাটোসে ৮০ শতাংশ রেটিং পেয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
আরও পড়ুন: ‘হ্যারি পটার’ খ্যাত এমা ওয়াটসন ৬ মাস ড্রাইভিং নিষিদ্ধ
কলাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমসওর্থ বলেন, “টাইলার রেক বেশ অস্থির হয়ে উঠছে। আমরা সৃজনশীল দল মিলে ভাবছি, কাহিনি ও চরিত্রগুলোকে নতুনভাবে কোথায় নিয়ে যাওয়া যায়। আরেকটি ছবি করার ইচ্ছা নিশ্চিত আছে। ঠিক কবে হবে জানি না, তবে আসবে অবশ্যই।” তিনি আরও জানান, নতুন ছবির কাজ শুরুতে দেরি হওয়ায় তিনি নিজেও কিছুটা অস্থির বোধ করছেন।













































































































































































































































