হাল সময়ের অভিনেত্রী নাজিফা তুষি আস্তে ধীরে নিজের পথচলা অব্যাহত রেখেছেন। এই সিনেমার পর অনেকেই প্রত্যাশা করেছিলেন, তুষিকে একের পর এক প্রজেক্টে দেখা যাবে। তবে, তিনি বুঝে-শুনে ও সময় নিয়ে কাজ বেছে নিচ্ছেন। ইতোমধ্যে দুটি সিনেমা ও একটি সিরিজের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী, এবং নতুন একটি সিনেমার শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছেন।
‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এর শুটিং শেষ করেছেন তুষি। এই সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে। এছাড়া, এন রাশেদ চৌধুরীর পরিচালনায় ‘সখী রঙ্গমালা’ নামে আরেকটি সিনেমায় ‘রঙ্গমালা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবির শুটিংয়ের বেশিরভাগ কাজ শেষ, এবং শীঘ্রই আবার শুটিং শুরু হবে। এর বাইরে, আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় একটি সিরিজের কাজও সম্পন্ন করেছেন তুষি, যা সামনে মুক্তি পাবে।
আরও পড়ুন: জয়ার সিনেমা ‘ডিয়ার মা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়ল
নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি নাজিফা তুষি। তিনি বলেন, “সময় হলেই সব জানাব।” কাজ নির্বাচনের বিষয়ে তিনি জানান, “‘হাওয়া’র পর অনেকেই ভেবেছিলেন আমার কাজ ব্যাক টু ব্যাক আসবে। কিন্তু আমি কখনোই বেশি কাজে বিশ্বাসী নই। কাজ করতেই হবে, এমনটা মনে করি না। মনের মতো কাজই শুধু করতে চাই। এ কারণে আস্তে ধীরে ও বুঝে-শুনে পথচলা। তবে, এই কাজগুলো পরপর মুক্তি পেলে দর্শকদের মনে হতে পারে আমার অনেক কাজ আসছে। ব্যক্তিগতভাবে আমি একসঙ্গে অনেক কাজ করতে চাই না।”













































































































































































































































