বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, ফজলুর রহমান জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। তার বক্তব্য আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মানজনক এবং দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। নোটিশে আরও উল্লেখ করা হয়, “আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকে মনে করেন। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।”
নোটিশে আরও বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ৪৫০ জনের অধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। এই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বীরোচিত ভূমিকাকে ফজলুর রহমানের বক্তব্য প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: ১৭ বছর দেশে রাজনৈতিক পরিবেশ ছিল না: সালাহউদ্দিন
বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানকে এই উদ্ভট ও শৃঙ্খলা-পরিপন্থী বক্তব্যের কারণে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে যৌক্তিক কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































