বলিউডের বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে সৃষ্ট শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর আগে বক্ষস্থলের আকার বৃদ্ধির জন্য করা অস্ত্রোপচারের পর সম্প্রতি তার পিঠ, ঘাড় ও কাঁধে তীব্র ব্যথা দেখা দেয়, যার ফলে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকদের পরামর্শে অস্ত্রোপচার করে শরীরে থাকা কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শার্লিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি করায় তার শরীরের ঊর্ধ্বাঙ্গের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণে পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি চিকিত্সকদের শরণাপন্ন হন।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি সেই অস্ত্রোপচার সম্পন্ন করান। শার্লিন আরও জানান, স্তন ছাড়া মুখেও তিনি ‘ফিলার’ ব্যবহার করেছিলেন। কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসে মুখের সমস্ত ফিলার সরিয়ে ফেলেন।
আরও পড়ুন: জয় ভানুশালী-মাহি ভিজের ১৫ বছরের দাম্পত্যে ইতি
প্রায়ই উগ্র পোশাক এবং বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় আসা এই অভিনেত্রী বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন।













































































































































































































































