সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে আয়ারল্যান্ডকে পরাজিত করেছে বাংলাদেশ। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৪তম জয় এবং ইনিংস ব্যবধানে চতুর্থ জয়। চতুর্থ দিনের খেলায় আইরিশরা ইনিংস হার এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২৫৪ রানে অলআউট হয়ে যায়।
ইনিংস হার এড়ানোর জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল আরও ২১৫ রান, আর ইনিংসে জয় পেতে বাংলাদেশের দরকার ছিল ৫ উইকেট। চতুর্থ দিনের প্রথম ও দ্বিতীয় সেশনে মোটামুটি লড়াই করলেও শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারেনি আইরিশরা। আজ ১৬৮ রান যোগ করেও দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
এর আগে, প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানের জবাবে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫৮৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৩০১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৮৬ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।
চতুর্থ দিনে ইনিংস হার এড়ানোর লক্ষ্যে খেলতে নেমে ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আয়ারল্যান্ড। সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন অ্যান্ডি ম্যাকব্রাইন ও অ্যান্ডি বালবিরনি, যারা ৬৬ রান যোগ করেন। দলীয় ২০০ রানের আগে আউট হয়ে যান এই দুজন—ম্যাকব্রাইন ৫২ এবং বালবিরনি ৩৮ রান করেন।
শেষদিকে দারুণ ব্যাটিং করেন জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্থি, যারা ৫৪ রানের জুটি গড়েন। এটি আইরিশদের টেস্ট ইতিহাসে নবম উইকেটে সর্বোচ্চ জুটি। দলীয় ২৫২ রানে নেইল এবং ২৫৪ রানে ম্যাকার্থির বিদায়ে অলআউট হয় আইরিশরা। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল হাসান মুরাদ ৪ উইকেট নেন। তাইজুল ইসলাম ৩টি এবং নাহিদ রানা ২টি উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে ১-০ তে এগিয়ে গেল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১৯ নভেম্বর চট্টগ্রামে।


















































































































































































































































































































































































































































