বলিউড বাদশাহ শাহরুখ খান বিশ্ব ফ্যাশনের মঞ্চে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত ‘২০২৫ সালের সবচেয়ে বিশ্বসেরা স্টাইলিশ ৬৭ জন’-এর তালিকায় স্থান পেয়েছেন কিং খান। এই তালিকা কোনো র্যাঙ্কিং নয়, বরং ফ্যাশন ও সংস্কৃতিতে যারা বিশেষ প্রভাব ফেলেছেন তাদের স্বীকৃতি।
শাহরুখ খানের এই সাফল্যের পেছনে মূল কারণ তাঁর মেট গালা ২০২৫-এর ডেবিউ। প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে তিনি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা অল-ব্ল্যাক এনসেম্বল পরে বিশ্বকে মুগ্ধ করেন। নিউইয়র্ক টাইমস লিখেছে, “ফ্যানদের কাছে এসআরকে নামে পরিচিত বলিউডের এই সুপারস্টার মেট গালায় প্রথমবার অংশ নিয়ে অনুষ্ঠানটিকেই নিজের কক্ষপথে নিয়ে নেন।”
সব্যসাচীর ডিজাইনে ছিল ফ্লোর-লেংথ কোট, সিল্ক শার্ট, উলের ট্রাউজার্স, সাটিন কামারবন্দ এবং লেয়ার্ড জুয়েলারি—যার মধ্যে ক্রিস্টাল-স্টাডেড ‘কে’ পেন্ডেন্ট ও টাইগার-হেড কেইন ছিল হাইলাইট। এই লুক ভারতীয় সৌন্দর্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরে।
আরও পড়ুন: মেট গালা ২০২৫-এ অংশ নিয়ে আলো ছড়ালেন শাহরুখ খান
বিশ্বসেরা স্টাইলিশদের এই তালিকায় শাহরুখ খানের সঙ্গে রয়েছেন এএসএপি রকি, কেন্ড্রিক লামার, ডোয়েচি, জেনিফার লরেন্স, সাব্রিনা কার্পেন্টার, শাই গিলজিয়াস-অ্যালেক্সান্ডার, কার্লোস আলকারাজ, শোহেই ওতানি, ডায়ানা রসসহ বিশ্বের নামী তারকারা।













































































































































































































































