পাকিস্তানের কিংবদন্তি পেসার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার নতুন পরিচয়ে ঢাকায় পা রাখলেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে আজ ভোরে তিনি ঢাকায় পৌঁছান।
ঢাকা ক্যাপিটালসের মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নতুন মৌসুমের প্রস্তুতিতে এটি ফ্র্যাঞ্চাইজির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। শোয়েব আখতারের আন্তর্জাতিক ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্বগুণ মাঠে ও মাঠের বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
৫০ বছর বয়সী শোয়েব আখতার গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকায় আসার খবর জানিয়েছিলেন। ঢাকায় পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে এ সফরে তিনি খুব বেশি দিন থাকবেন না—আপাতত দু’দিন অবস্থান করে ফিরে যাবেন, পরবর্তীতে আবার আসবেন।
বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।


















































































































































































































































































































































































































































