ব্রিটনি স্পিয়ার্স-newsedge24

মার্কিন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। মঙ্গলবার (৪ মে) লস অ্যাঞ্জেলেসের আদালতে এ মামলার শুনানি হয়। ৪৪ বছর বয়সী এই গায়িকা নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ স্বীকার করেন। সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে মূল অভিযোগ তুলে নেওয়া হয় এবং তাকে তুলনামূলক কম গুরুতর ‘রেকলেস ড্রাইভিং’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়।

গ্রেপ্তারের পর ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার প্রতিনিধিরা জানিয়েছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আদালতে তার আইনজীবী জানান, নিজেকে সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আদালত নমনীয় হয়েছে। এই সমঝোতার ফলে তাকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে না, তবে নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের নজরদারিতে থাকতে হতে পারে।

গত ৪ মার্চ ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ তাকে আটক করে। সে সময় তিনি তার কালো বিএমডব্লিউ গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এবং অসংলগ্নভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরে ভক্তরা স্বস্তি প্রকাশ করলেও তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *