কারিনা কায়সারের মৃত্যু-newsedge24

লিভার সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পর শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে বারোটা-পৌনে একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, আজ শনিবার (১৬ মে) কারিনার মরদেহ দেশে আনার কথা রয়েছে।

প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কারিনাকে। পরে অবস্থার আরও অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ফুসফুস ও লিভারের চিকিৎসা চলছিল এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

কারিনা প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় লিভার ফেইলিউর হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজে সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তাকে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *