শাকিব-নিশো-newsedge24

এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। রায়হান রাফী পরিচালিত এই ছবির টিজার, পোস্টার ও টাইটেল ট্র্যাক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়। সম্প্রতি মুক্তি পাওয়া গান ‘লিচুর বাগানে’ মাত্র ১২ ঘণ্টায় ৪ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও, ছবিতে আফরান নিশোর উপস্থিতি নিয়ে ছিল অনিশ্চয়তা।

গত ২৫ মে রাত থেকে শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ‘ভার্চুয়াল যুদ্ধ’। গুজব ছড়ায়, ‘তাণ্ডব’-এ অতিথি চরিত্রে থাকবেন নিশো। এ নিয়ে ‘শাকিবিয়ান’ ও ‘নিশোইয়ান’দের মধ্যে যুক্তি-অযুক্তি সমালোচনা, এমনকি অকথ্য গালাগালিও হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিশোর ছবিতে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। গতকাল রাতে শাকিব খানের গুলশানের অফিসে নিশোর সঙ্গে সাক্ষাৎ হয়। দুই তারকা পরস্পরকে জড়িয়ে ধরে ছবির জন্য পোজ দেন এবং দীর্ঘ সময় আড্ডায় মেতে ওঠেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, চরকির প্রধান নির্বাহী পরিচালক রেদওয়ান রনি। শাহরিয়ার শাকিল ও রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিলনের ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশন দেন, ‘ব্রাদার্স’।

‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের উৎসাহ এবং শাকিব-নিশোর এই মিলন ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা কী ধরনের তাণ্ডব সৃষ্টি করবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *