বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু একজন নারী উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য সর্বসমক্ষে ক্ষমা চেয়েছেন। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট প্রকাশ করেন, যেখানে তিনি এ বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
অভিনেতা তার পোস্টে লিখেছেন, “গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।”
তিনি আরও বলেন, “যদি কেউ মনে কষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।”
আরও পড়ুন: নারী উপদেষ্টাকে নিয়ে স্বাধীন খসরুর মন্তব্যে সমালোচনার ঝড়
স্বাধীন খসরু গত শুক্রবার তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি একজন নারী উপদেষ্টাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকে তার মন্তব্যকে কুরুচিপূর্ণ এবং নারীবিদ্বেষী হিসেবে অভিহিত করেন। এরপরই তিনি শনিবার রাতে ক্ষমা প্রার্থনা করে এই পোস্ট প্রকাশ করেন।













































































































































































































































