বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ থিং অ্যাবাউট কাশেম’ লস অ্যাঞ্জেলেস ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে (এল এ ডিএফএফ) দুই শাখায় পুরস্কার জিতেছে। এর তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক আরিফুর রহমান। সেরা অভিনয়শিল্পী হিসেবে ইন্তেখাব দিনার এবং সেরা পরিচালক হিসেবে বিজন ইমতিয়াজ পুরস্কার লাভ করেছেন এই সিনেমায়। ২০২৫ সালের এই উৎসবে সিনেমাটির এই অর্জন বাংলাদেশি চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য।
১৭ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নুহাশ হুমায়ূন, যাতে গল্প লেখায় যুক্ত ছিলেন পরিচালক বিজন ইমতিয়াজও। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন। গুপী বাঘা, লং স্টোরি এবং স্ক্রিনস্কোপ প্রোডাকশনসের যৌথ উদ্যোগে তৈরি এই সিনেমা মানুষের ভেতরে লুকিয়ে থাকা অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে। কাশেম চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, এবং অন্যান্য অভিনয়ে যুক্ত ছিলেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন।
পুরস্কার জয় নিয়ে বিজন ইমতিয়াজ বলেন, “একজন চলচ্চিত্র নির্মাতার কাছে এই অর্জন অনেক আনন্দের। কিছু কিছু অভিনেতা আছেন যাদেরকে আমরা মেথড অ্যাক্টর বলি, তারা চরিত্রের গভীরে প্রবেশ করতে পছন্দ করেন। আবার এমন কিছু অভিনেতা আছেন যারা একটা সুইচ অন করার মতো করে মুহূর্তেই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারেন। দিনার ভাই তেমনই একজন অভিনেতা। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি উনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা এবং পুরস্কার দুটোই তার প্রাপ্য।”
আরও পড়ুন: দেশের নতুন ইংরেজি সিনেমা ‘ডট’ মুক্তি পাচ্ছে
এর আগে ‘আ থিং অ্যাবাউট কাশেম’ রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অলটারনেটিভ স্পিরিট (শর্ট) বিভাগে গ্র্যান্ড প্রাইজ জিতে অস্কারের জন্য যোগ্যতা অর্জন করেছে। এছাড়া স্পেনের কস্টিকা ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল এবং নিউ ইয়র্কের ৪৮তম এশিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও এটি প্রদর্শিত হয়েছে।













































































































































































































































