তমা_মির্জা-toma-newsedge24

চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত ছবি ‘মন বোঝে না’ গত সপ্তাহে হঠাৎ মুক্তি পেয়েছে। কোনো পূর্বাভাস এবং প্রধান শিল্পীদের জানানো ছাড়াই ১১ বছর পর মুক্তি দেওয়ায় ছবির নায়িকা তমা মির্জা প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। তিনি এতে তীব্র বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন।

২০১৩ সালে শুরু হওয়া এই ছবিটি ২০১৪ সালে পরিচালক আয়েশা সিদ্দিকার নির্দেশনায় সম্পূর্ণ শুটিং শেষ হয় এবং মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। নায়ক আরিফিন শুভের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তমা। কিন্তু অজানা কারণে প্রযোজক ছবিটি মুক্তি দেননি। গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও প্রচারণায় নায়ক-নায়িকাদের দেখা যায়নি।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তমা বলেন, “১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক সবকিছুতে একটা পরিবর্তন এসেছে। এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি। ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত।”

আরও পড়ুন: নতুন সিনেমায় আদরের সঙ্গে ফের জুটি বাঁধছেন বুবলী

তমা আরও বলেন, “আমার কেন জানি মনে হয়, একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত। না হলে সেই ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীরও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানলাম, একজন প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করেছেন; কিন্তু এত আগের একটি সিনেমা মুক্তি দেওয়াতে দর্শকেরা যেমন হতাশ, আমরাও তেমনি হতাশ।” তিনি অভিযোগ করেন, প্রযোজকের মুক্তির শতভাগ অধিকার থাকলেও বছরের পর বছর ছবি ফেলে রাখা এবং মুক্তির আগে প্রধান শিল্পীদের সঙ্গে আলোচনা না করা অপেশাদারতা।

সাম্প্রতিককালে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তমা। এমন সময়ে এই পুরোনো ছবির মুক্তি তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *