স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছেন, তিনি এবং তার পরিবার এখনও বার্সেলোনায় ফেরা বিষয়ে আলোচনা করেন। তবে ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা কাতালুনিয়া রেডিওতে স্পষ্ট করে বলেছেন, খেলোয়াড় হিসেবে মেসির ফিরে আসা ‘বাস্তবসম্মত নয়’।
স্পোর্তের এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে কয়েক সপ্তাহ আগে এবং এটি গত মঙ্গলবার প্রকাশিত হয়। এর মধ্যেই মেসি ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রড্রিগো ডি পলকে নিয়ে গোপনে ক্যাম্প নুয়ে চলে যান। এটি তার ‘প্রাণের জায়গা’তে অপ্রত্যাশিত ফিরে আসা হিসেবে দেখা হয়েছে। সাক্ষাৎকারে মেসি বলেন, বার্সা ছাড়ার সময় যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেভাবে কিছুই ঘটেনি। এমনকি তার স্ত্রী ও সন্তানরাও নিয়মিত ফেরা নিয়ে আলোচনা করেন।
দলের সাবেক তারকার এমন মন্তব্যের প্রেক্ষিতে কাতালুনিয়া রেডিও লাপোর্তার মতামত জানতে চায়। মেসির কথার সঙ্গে একমত হয়ে সভাপতি বলেন, “তার বিদায় সেভাবে হয়নি, যেভাবে আমরা চেয়েছিলাম।” তবে ক্লাবের প্রতি পূর্ণ সম্মান রেখে তিনি যোগ করেন, “আমার অবস্থান থেকে খেলোয়াড় হিসেবে তার ফিরে আসা বাস্তবসম্মত নয়। এমন কোনো ধারণা দেওয়া ঠিক হবে না।”
আরও পড়ুন: মায়ামি শহরের প্রতীকী ‘চাবি’ গ্রহণ করলেন মেসি
এর আগে, ৮৯৬ দিন পর গত শুক্রবার বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুয় উন্মোচিত হয়। দীর্ঘ বিলম্বের পর কাতালান খেলোয়াড়রা সেখানে অনুশীলনের সুযোগ পান। প্রায় ২০ হাজারের বেশি দর্শকের সামনে লাপোর্তা ঘোষণা করেন, স্টেডিয়ামের সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে মেসিকে এখানে সংবর্ধনা দেওয়া হবে।


















































































































































































































































































































































































































































