রাজধানীর গুলশান এভিনিউতে এক পথচারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে রুশ-বাংলাদেশি মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় রিল বা ভিডিও ধারণের সময় এক পথচারীর ব্যাগ তার শরীরে লাগতেই ক্ষিপ্ত হয়ে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং হাতের ব্যাগ দিয়ে বারবার আঘাত করেন। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ভিডিওটি মঙ্গলবার (১০ মার্চ) থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মনিকা কবির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এবং ভিডিও করছেন। এক বয়স্ক পথচারী কাঁধে ব্যাগ ঝুলিয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় ব্যাগটি তার কনুই বা শরীরে অসাবধানতাবশত লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মনিকা ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং ব্যাগ দিয়ে আঘাত করতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই তিনি চলে যান।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে ‘অহংকারী আচরণ’ ও ‘সেলিব্রিটি সিন্ড্রোম’ বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলছেন, রাস্তা পাবলিক স্পেস, সেখানে ভিডিও করতে গিয়ে অন্যের চলাচলে বাধা দেওয়া অনুচিত। আবার কিছু সমর্থক দাবি করছেন, পথচারী অসাবধানে তার শরীরে স্পর্শ করেছেন, যা হয়রানির সমতুল্য। তবে অধিকাংশ নেটিজেন প্রকাশ্যে মারধরকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন।
এদিকে ঘটনার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস বুধবার (১১ মার্চ) মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এ ধরনের আচরণ অশোভনীয় এবং পাবলিক স্পেসে অশান্তি সৃষ্টি করে।













































































































































































































































