মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইনে অস্থিরতা দেখা দেওয়ায় দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও (শুক্রবার ও শনিবার) বিপিসির অধীনস্থ প্রধান স্থাপনা, বিপণন কোম্পানি ও ডিপোগুলো খোলা থাকবে এবং জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখা হবে।
আজ বৃহস্পতিবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের কাছে সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারাদেশের সব ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার তেল আমদানিতে ওয়াশিংটনের সবুজ সংকেত চায় ঢাকা
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুসারে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিনগুলোতে (শুক্রবার ও শনিবার) বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা রাখা হবে। এর ফলে ডিলার, পাম্প মালিক ও শিল্প-কারখানায় জ্বালানি তেলের সরবরাহে কোনো ব্যাঘাত ঘটবে না।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































