নায়িকা-পরীমণি-newsedge24

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ওই অনুষ্ঠানে তাকে ‘টপ অ্যাঙ্গেল’ থেকে ভিডিও করতে নিষেধ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর নেটজনতা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি অবন্তীর সমর্থনে এগিয়ে এসেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অবন্তীর একটি ভিডিও শেয়ার করে পরীমণি তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি সেই সব নেটিজেনদের এক হাত নিয়েছেন যারা অবন্তীর পোশাক নিয়ে প্রশ্ন তুলছিলেন। পরীমণি তার পোস্টে ভুক্তভোগীর ওপর দায় চাপানোর সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে লেখেন, “আহারে… কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই হইলো ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ। দুনিয়ার সব দোষ তার।”

অনেকেই কমেন্ট করছিলেন যে, ভিডিওতে আপত্তি থাকলে এমন পোশাক কেন পরেছেন? এর জবাবে পরী লিখেছেন, “সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি। আমরা তো শয়তান লোক, আমরা তো শুধু… দেখি চোখে।”

অবন্তীকে একজন অত্যন্ত ‘শান্ত মেজাজের’ মানুষ হিসেবে উল্লেখ করে পরীমণি বলেন, যারা তাকে চেনেন তারা সবাই জানেন তিনি কতটা ভদ্র।

কয়েকদিন আগে এক অনুষ্ঠানে অবন্তী এক ভিডিও ধারণকারীকে উদ্দেশ্য করে বলেন, তাকে যেন ওপরের অ্যাঙ্গেল থেকে ভিডিও করা না হয়। এটি তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর একদল মানুষ তাকে ‘অহংকারী’ বলে আখ্যা দেয় এবং তার পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *