বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও পর্দায় ফিরছেন, আর সেটিও তার অন্যতম আইকনিক সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল ‘সিতারে জমিন পার’ নিয়ে। গত ১৩ই মে, মঙ্গলবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়াল ছবির ট্রেলার। মাত্র ৩ মিনিটের ট্রেলারেই দর্শকদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
এই সিনেমায় আমির খানকে দেখা যাবে এক বাস্কেটবল কোচের ভূমিকায়। মূল চরিত্রে তার এই নতুন রূপ ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। ‘তারে জামিন পার’ যেখানে শিশুর মানসিক স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা নিয়ে দর্শকদের ভাবিয়েছিল, এবার সিক্যুয়াল ‘সিতারে জমিন পার’ আরও এক ধাপ এগিয়ে গিয়ে কিশোরদের খেলাধুলা ও মানসিক বিকাশের উপর আলোকপাত করবে বলে ধারণা করা হচ্ছে।
আমির খান প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করছেন ১০ জন নতুন মুখ। নতুন প্রজন্মের এই অভিনয়শিল্পীদের নিয়ে সিনেমাটি আরও প্রাণবন্ত ও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
‘সিতারে জমিন পার’ কবে মুক্তি পাবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে বহুগুণে।













































































































































































































































