মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে। লিওনেল মেসি পুরো ৯০ মিনিট খেললেও কোনো গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে পারেননি। তাঁর ৫টি শটের ৩টি হয় লক্ষ্যভ্রষ্ট, ৭টি ড্রিবলের মধ্যে ৪টিতে ব্যর্থ, এবং পাসিংও নিখুঁত ছিলেন না। মেসির এই নিষ্প্রভ পারফরম্যান্সের দিনে মায়ামি জয়হীন থাকল।
সান হোসে আর্থকোয়েকস তাদের হোম মাঠ পেপ্যাল পার্কে প্রথমার্ধেই ক্রিস্তিয়ান আরাঙ্গো, বো লেরো, এবং ইয়ান হারকেসের গোলে ৩-০ তে এগিয়ে যায়। মায়ামির পক্ষে ম্যাচের ৩৫ সেকেন্ডে গোল করে দলের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়েন উরুগুইয়ান ডিফেন্ডার মাক্সিমিলিয়ানো ফালকন। এরপর আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের জোড়া গোল দলকে হার এড়াতে সহায়তা করে। লুইস সুয়ারেজের ব্যক্তিগত ছুটির কারণে আলেন্দে শুরুর একাদশে সুযোগ পান এবং ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের ১ পয়েন্ট নিশ্চিত করেন।
মাক্সিমিলিয়ানো ফালকনের ৩৫ সেকেন্ডের গোল মায়ামির তৃতীয় দ্রুততম। এর আগে আগস্ট ২০২৩, লুইস সুয়ারেজ ৩১ সেকেন্ডে গোল করে দ্রুততম রেকর্ড গড়েন। অক্টোবর ২০২২, লিওনার্দো কাম্পানা ৩৩ সেকেন্ডে গোল করেন।
ড্রয়ের পর ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র, এবং ২ হারে ২২ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে রয়েছে। সান হোসে আর্থকোয়েকস ওয়েস্টার্ন কনফারেন্সে ১৭ পয়েন্ট নিয়ে ৭ম। সাপোর্টারস শিল্ডের দৌড়ে মায়ামি ৩০ দলের মধ্যে ৭ম স্থানে পিছিয়ে পড়েছে।


















































































































































































































































































































































































































































