তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে নিয়ে বরাবরই দর্শকমনে কৌতূহলের অন্ত নেই। তার সিনেমা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—সবকিছুই থাকে লাইমলাইটে। বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তার নাম জড়িয়ে পড়েছে নানা জল্পনায়। এবার নতুন করে আলোচনায় এসেছে আরিয়ান খানের বন্ধু লক্ষ্যের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন।
করণ জোহরের আসন্ন সিনেমা ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যা পাণ্ডে ও লক্ষ্যকে জুটি বাঁধতে দেখা যাচ্ছে। ছবির পোস্টারে দুজনকে রাস্তার মাঝে এক অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। করণ জোহর ক্যাপশনে লিখেছেন, “ভালোবাসা কোনো বাঁধাধরা রাস্তা ধরে হাঁটে না।” এই পোস্টার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় জল্পনা ছড়িয়ে পড়েছে যে, শুটিংয়ের সময় অনন্যা সত্যিই লক্ষ্যের প্রেমে পড়েছেন। সাম্প্রতিককালে দুজনকে একাধিকবার ডেটিং করতে দেখা গেছে বলেও খবর রটেছে।
অনন্যা পাণ্ডে এবং লক্ষ্য কেউই এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে করণ জোহরের পোস্টার এবং ক্যাপশন নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এর মাসখানেক পর আম্বানিদের এক অনুষ্ঠানে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কারের সঙ্গে তার পরিচয় হয় বলে খবর রটে। ওয়াকারের জন্মদিনে অনন্যার শুভেচ্ছা বার্তা (“হ্যাপি বার্থ ডে ওয়াকি, তুমিই সেরা”) আরও জল্পনা উস্কে দিয়েছিল। কিন্তু কোনো পক্ষই তা নিয়ে মুখ খোলেনি।













































































































































































































































