জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, এটা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।” মন্ত্রী আরও বলেন, ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
কমিটির অন্য সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বোর্ড ভেঙে দিয়ে বিসিবির আহ্বায়ক কমিটি গঠন, সভাপতি তামিম ইকবাল
এনএসসি সূত্র জানিয়েছে, আগের কমিটির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদনে ভয়াবহ অনিয়মের তথ্য উঠে এসেছে। সেখানে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে জালিয়াতি এবং সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষায় এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই আগের কমিটি বাতিল করা হয়েছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































