ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার (৮ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম স্পুতনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
জাখারোভা বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘একমুখী ও বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ চালিয়েছে। এতে দেশ দুটির শোচনীয় পরাজয় হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশ একেবারে শুরু থেকেই বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।”
রুশ মুখপাত্র জোর দিয়ে বলেন, অবিলম্বে ‘একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি’ শুরু করা প্রয়োজন, যা বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি করে হবে।
যুদ্ধের সংক্ষিপ্ত পটভূমি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর অবশেষে গত ৭ এপ্রিল ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। পরে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, তারা ইরানে আর হামলা পরিচালনা করবে না। তবে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































