আশরাফুল-010246-NewsEdge24
  • October 25, 2026
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার আকস্মিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশরাফুল নিজে এবং বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আশরাফুল বলেন, হ্যাঁ, আমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফীস তাকে সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে শনিবার সকালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ঐচ্ছিক অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল আশরাফুলকে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।

বোর্ডের গণমাধ্যম কমিটির সভাপতি আসিফ রব্বানীও আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় দলের কোচিং কাঠামোয় আর থাকছেন না আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতার সঙ্গে আশরাফুলকে সরিয়ে দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে। তবে তার অধীনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল।

সিদ্ধান্তের বিষয়ে আসিফ বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আশরাফুলকে সরাসরি বরখাস্ত করা হয়েছে, নাকি অন্য কোনো দলের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তিনি তখনো নিশ্চিত ছিলেন না।

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে হাসান মাহমুদ

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। পরে তার চুক্তির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আসিফ আরও জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *