আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি ওয়ানডে ম্যাচের প্রথম দুই বলেই আউট হয়েছেন দুই ওপেনার। কানাডা ও স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই অভূতপূর্ব ঘটনা ঘটে, যা ক্রিকেটবিশ্বে নতুন নজির স্থাপন করেছে।
টস জিতে স্কটল্যান্ড কানাডাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। স্কটিশ পেসার ব্র্যাড কারি প্রথম ওভারে বল করতে আসেন। তার প্রথম বলেই কানাডার ওপেনার আলি নাদিম স্লিপে মার্ক ওয়াটের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন। এরপর ব্যাট করতে নামেন তিন নম্বর ব্যাটসম্যান পারগত সিংহ। কিন্তু কারির দ্বিতীয় বলে ঘটে অদ্ভুত এক রান-আউট। পারগতের সোজা শট বোলারের হাতে লেগে সরাসরি নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে আঘাত করে। তখন ক্রিজের বাইরে থাকা আরেক ওপেনার যুবরাজ শর্মা রান-আউট হন। ফলে, ইনিংসের প্রথম দুই বলেই আউট হন কানাডার দুই ওপেনার। এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কোনো ফরম্যাটেই এর আগে কখনও ঘটেনি।
আরও পড়ুন: ক্রিকেট ম্যাচে বোলিং না পাওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা
এই ঘটনার পর কানাডার ব্যাটিং লাইনআপ ধস নামে। মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কানজায়, তবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত তারা ৪৮.১ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে স্কটল্যান্ড দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪১.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। বল ও ব্যাটে দাপট দেখিয়ে স্কটল্যান্ড ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।


















































































































































































































































































































































































































































