২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র হয়ে যাওয়ার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট বার্তা দিলেন—কাতারে যে মানসিকতা আর লড়াকু মনোভাব নিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা, ঠিক সেই পথেই হাঁটবে দল। ড্র অনুষ্ঠানে ট্রফি হাতে দাঁড়িয়ে স্কালোনি বলেন, “আমরা আমাদের সর্বোচ্চটা দেব। কাতারে যা করেছিলাম—প্রতিটি বলের জন্য লড়াই, শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া—ঠিক সেটাই করব। কোনো বল লড়াই ছাড়া ছাড়ব না।”
আর্জেন্টিনা রাউন্ড অফ ৩২-এ উঠলে গ্রুপ এইচ-এর যেকোনো একটি দলের মুখোমুখি হবে। সেইচ গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে—যাকে অনেকেই ‘ডেথ গ্রুপ’ বলছেন। কিন্তু স্কালোনি এসব নিয়ে ভাবিত নন।
লিওনেল স্কালোনি বলেন, “২০২২-এর মতো এবারও কোনো ম্যাচ সহজ নয়। সৌদি আরবের কথা মনে আছে তো? প্রথম ম্যাচেই আমরা হেরেছিলাম। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি। এবারও ম্যাচগুলো খেলতেই হবে। গ্রুপ এইচ থেকে কঠিন দল আসুক—আসুক। প্রথমে আমাদের নিজেদের গ্রুপ পার হতে হবে, তারপর দেখা যাবে।”
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না নিশ্চিত নন লিওনেল মেসি
স্কালোনির এই বক্তব্যে স্পষ্ট—শিরোপা ধরে রাখার মিশনে কোনো ছাড় দেওয়া হবে না। কাতারে প্রথম ম্যাচে হারের পর যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক সেই ‘নেভার গিভ আপ’ মানসিকতাই এবারও অস্ত্র হবে আর্জেন্টিনার।
বিশ্বকাপ শুরু হতে এখনো ৬ মাস বাকি। তবে লিওনেল স্কালোনি ইতোমধ্যে বার্তা দিয়ে দিলেন, আর্জেন্টিনা সেরা প্রতিপক্ষের ভয় পায় না—তারা শুধু লড়ে।


















































































































































































































































































































































































































































