অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন রাফিনহা। কিন্তু সেই ম্যাচেই উরুর পেশিতে চোট পান তিনি। চোটের কারণে ব্রাজিল দলের ক্যাম্প ছাড়েন রাফিনহা। শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই ব্রাজিল তারকার।
বুধবার এই তথ্য নিশ্চিত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। স্ক্যান ও ইমেজিং টেস্টে ডান উরুতে মৃদু মাত্রার মাসকুলার ইডেমা ধরা পড়েছে তার। ক্যাম্প ছেড়ে স্পেন ফিরে গেছেন রাফিনহা। সেখানে আরও পরীক্ষার মধ্য দিয়ে যাবেন এ ফরোয়ার্ড। বার্সেলোনায় চোট থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
ভারত ম্যাচের জন্য তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকেননি কোচ কার্লো আনচেলত্তি। তবে রাফিনহা কবে সেরে উঠতে পারেন সেটি এখনো জানা যায়নি।
সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘সতর্কতা হিসেবে এবং দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে খেলোয়াড়কে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তার পরিবর্তে কোনো খেলোয়াড় ডাকা হবে না।’
গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই মাঠ থেকে তুলে নেওয়া হয় বার্সেলোনার এই ফরোয়ার্ডকে। পরে ইমেজিং টেস্টে ধরা পড়ে, তার ডান ঊরুর পেছনের অংশে সামান্য পেশির এডিমা (মাংসপেশির ফোলা) দেখা দিয়েছে।


















































































































































































































































































































































































































































