জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। আজ এই মর্মে এনএসসি একটি প্রজ্ঞাপন জারি করে, যার ফলে ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদ হারিয়েছেন এবং তিনি আর বিসিবি সভাপতি নন। এই পদ এখন শূন্য।
গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়েছিল। মাত্র নয় মাসের মাথায় তিনি এই পদ হারালেন। গতকাল বিসিবির আটজন পরিচালক ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে এনএসসির কাছে চিঠি দেন। চিঠিতে বিপিএলের ১১তম আসরে দূর্বার রাজশাহীকে দল দেওয়ার সিদ্ধান্তসহ বিপিএল সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়। এনএসসির বিবৃতিতে এই অভিযোগগুলোর উল্লেখ করে ফারুকের মনোনয়ন বাতিলের কথা জানানো হয়।
গত পরশু যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুক আহমেদকে ডেকে পাঠান এবং তাকে জানান যে তিনি আর এই পদে থাকতে পারবেন না। তখন ফারুক সরাসরি পদত্যাগ না করার কথা জানান। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ না করায় এনএসসি তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে গতকাল রাতে বিসিবির মনোনীত কাউন্সিলর হিসেবে এনএসসি অনুমোদন দিয়েছে। আজ বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি সভাপতি নির্বাচিত হতে পারেন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন আমিনুল ইসলাম বুলবুলের নাম বর্তমানে বিসিবি সভাপতি পদের জন্য জোরালো আলোচনায় রয়েছে। তিনি বর্তমানে আইসিসির সঙ্গে চুক্তিভিত্তিক উন্নয়ন কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং এই পদে আসার জন্য আইসিসির অনুমোদন পেয়েছেন।
এনএসসি বিসিবির পাঁচজন কাউন্সিলরের মধ্যে দুজনকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পূর্বের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে আমিনুল ইসলামকে নতুন কাউন্সিলর করা হয়েছে। কোনো নাটকীয় পরিবর্তন না হলে আমিনুলই বিসিবির পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































