গত মঙ্গলবার বন্ধ হওয়া নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আজ বুধবার সন্ধ্যা ৬টায় পুনরায় চালু হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক দিন ধরে হোটেলবন্দি থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে। এখন দলটি ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের অপেক্ষায় রয়েছে। দলের ম্যানেজার আমের খান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমের খান জানান, ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ঢাকা থেকে আমাদের জানানো হয়েছে, বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে আমাদের ফেরানোর চেষ্টা চলছে। এ নিয়ে সবাই কাজ করছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমাকে ফোন করে দলের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন।”
দলটি আজ রাতের মধ্যেই দেশে ফিরতে চায়। আমের খান বলেন, “আমরা চাই, আজ রাতের মধ্যে ফিরতে। বিমানবন্দর এখন খুলেছে, কিন্তু পরিস্থিতি আবার খারাপ হবে না বা বিমানবন্দর বন্ধ হবে না, এমন নিশ্চয়তা নেই। তাই বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতে ফিরতে পারলে ভালো।”
আরও পড়ুন: নেপাল সফরে ফ্লাইট বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল
নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে ত্রিভুবন বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল হয়েছিল। ফলে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল দল ও সঙ্গে থাকা সাংবাদিকরা কাঠমান্ডুর একটি হোটেলে আটকা পড়েছিলেন।


















































































































































































































































































































































































































































