মোস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার জেরে গত অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা এখন আর বহাল নেই। নবনিযুক্ত সরকার আইপিএল সম্প্রচারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং কোনো প্রশাসনিক বাধা থাকবে না বলে জানিয়েছে। ফলে বাংলাদেশের দর্শকরা এবার আইপিএল উপভোগ করতে পারবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাফ জানিয়ে দিয়েছেন, সরকার খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে আগ্রহী নয়। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আইপিএল সম্প্রচারের জন্য আমাদের কাছে এখনও কেউ আবেদন করেনি। তবে আমরা এটিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছি। যদি কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আগ্রহ দেখায়, তাহলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।”
সরাসরি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, “আমরা কাউকে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে দেখাতে পারে, আমাদের দেশি চ্যানেলগুলো আগ্রহ দেখালে আমরা সহযোগিতা করব। তবে আমরা কাউকে জোর করব না।”
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ক্রিকবাজকে জানিয়েছেন, আইপিএল সম্প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু বলেন, “সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় আমরা স্টার স্পোর্টস অথবা অন্য কোনো চ্যানেলে আইপিএল ফিড বন্ধ করব না। পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া সেই নিষেধাজ্ঞার এখন আর কোনো ভিত্তি নেই। বর্তমান সরকার যদি আমাদের কোনো নির্দেশনা দেয়, আমরা কেবল সেটিই মেনে চলব। যেহেতু এখন পর্যন্ত কোনো বাধা নেই, তাই দর্শকরা অনায়াসেই আইপিএল উপভোগ করতে পারবেন।”











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































