গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছে রংপুর রাইডার্স। প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর ১৬৪ রানে গুটিয়ে যায়। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এই জয়ে জিএসএল ২০২৫-এর শিরোপা জিতে নেয়।
টসে জিতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল স্কোর গড়ে। এটি টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় রান, এর আগে দুই আসরে ২১ ম্যাচে কোনো দল ১৮০ রানও ছুঁতে পারেনি।
জনসন চার্লস ৪৮ বলে ৬৭ রান (১১ চার, ১ ছক্কা) এবং রহমতউল্লাহ গুরবাজ ৩৮ বলে ৬৬ রান (৮ চার, ২ ছক্কা) করে ৭০ বলে ১২১ রানের জুটি গড়েন। শেরফান রাদারফোর্ড ১৫ বলে অপরাজিত ১৯ এবং রোমারিও শেফার্ড ৯ বলে অপরাজিত ২৮ রানে শেষ ৫ ওভারে ৫৪ রান যোগ করেন। রংপুরের সাত বোলার হাত ঘুরিয়েও গায়ানার রানের চাকা থামাতে ব্যর্থ হয়।
আড়ও পড়ুন: ফুটবলে পেনাল্টির নিয়মে বড় পরিবর্তন আসছে
রান তাড়ায় নেমে রংপুর পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলতে পারে। দ্বিতীয় ওভারে ইব্রাহিম জাদরান (৫) রান আউট হন, দলীয় ২৩ রানে সৌম্য সরকার (১৩) এবং পাঁচ বল পর কাইল মেয়ার্স (৫) ফিরে যান। চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদ (২৯ বলে ৪৬) ও সাইফ হাসান (২৬ বলে ৪১) ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়লেও, সাইফ ফিরতেই রংপুরের ইনিংস ধসে পড়ে। ১৪ থেকে ১৭তম ওভারে ৩০ রান যোগ করতে গিয়ে আরও ৪ উইকেট হারায় তারা।
নবম উইকেটে কামরুল ইসলাম রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কনের (১৭ বলে ৩০) ১৫ বলে ৩১ রানের জুটি হারের ব্যবধান কমায়। শেষ ওভারে ৪০ রানের প্রয়োজনে রংপুর অলআউট হয় ১৬৪ রানে। গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৩ উইকেট এবং ইমরান তাহির ও গুদাকেশ মোটি ২টি করে উইকেট নেন।


















































































































































































































































































































































































































































