বিসিবির গুরুত্বপূর্ণ বিভাগ ‘গেম ডেভেলপমেন্ট’-এ নতুন চেয়ারম্যান হিসাবে আসিফ আকবরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় এই পদে তাকে চূড়ান্ত করা হয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে পরিচালক হওয়া ইশতিয়াক সাদেককে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় গত ২২ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।
ইশতিয়াক সাদেক ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি জানান, গেম ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত সময় দিতে না পারায় দায়বদ্ধতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: আসিফ আকবরকে ফুটবলারদের অল্টিমেটাম
এদিকে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফ আকবরকে শুরুতে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন গেম ডেভেলপমেন্টের মতো বড় দায়িত্বও তার কাঁধে এসেছে। ফলে এখন থেকে আসিফ আকবর বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ কর্মসূচি ও ট্যালেন্ট হান্টের কাজও তদারকি করবেন।



















































































































































































































































































































































































































































