২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য ৪৮ দলের পূর্ণ তালিকা চূড়ান্ত হয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়া ও জ্যামাইকাকে হারিয়ে যথাক্রমে ইরাক ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র শেষ দুটি দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার মেক্সিকোতে অনুষ্ঠিত নির্ধারণী ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চার দশক পর আবারও বিশ্বকাপে ফিরেছে ইরাক। অন্যদিকে কঙ্গো ডিআর জ্যামাইকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠেছে।
দীর্ঘ বাছাইপর্ব শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। ছয়টি মহাদেশীয় অঞ্চলের প্রতিযোগিতা শেষে ৩১ মার্চ ইউরোপীয় ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে সব দল চূড়ান্ত হয়। ইউরোপ থেকে শেষ চারটি দল হিসেবে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন জায়গা করে নেয়, যেখানে চারবারের চ্যাম্পিয়ন ইতালি বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বাদ পড়ে।
মোট ৪৮ দলের মধ্যে তিনটি আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) সরাসরি অংশ নেবে। বাকি ৪৩টি দল নিজ নিজ অঞ্চলের বাছাইপর্ব থেকে এসেছে এবং দুটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে যোগ দিয়েছে।
২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। কাতার বিশ্বকাপে ৩২টি দল খেলেছিল, এবার খেলবে ৪৮টি দল। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসর চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, মোট ৩৯ দিন।

নতুন ফরম্যাটে থাকবে ১২টি গ্রুপ, প্রতি গ্রুপে ৪টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে। প্রথমবারের মতো ৩২ দলের রাউন্ড অব ৩২ দিয়ে শুরু হবে নকআউট পর্ব।
১৬টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে—যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি ভেন্যু। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, যা ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
চারটি ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায় সময়সূচিতে বৈচিত্র্য থাকবে। সর্বোচ্চ প্রায় ২৮০০ মাইল দূরত্বে বিভিন্ন ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।


















































































































































































































































































































































































































































