বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধু সিফাতুর রহমান সৌরভকে ফোন কলে ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুলাই, ২০২৫) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সৌরভ ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডিতে সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে তাসকিন তাকে ফোন করে নিজের বাসায় ডেকে নেন। সেখানে গেলে তাকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করেন। পরবর্তীতে ফোনের মাধ্যমে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সৌরভের সঙ্গে তাসকিনের পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি সত্য। তবে, থানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তাসকিন এখনও এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।


















































































































































































































































































































































































































































