লা লিগায় গেতাফের কাছে ১-০ গোলে হারের ম্যাচে আরেকটি বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এবার দলের ফরোয়ার্ড রদ্রিগো গোসের গুরুতর চোটে পড়েছেন। ক্লাব কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ডান হাঁটুর সামনের গুরুত্বপূর্ণ লিগামেন্ট (এসিএল) ও বাইরের মেনিস্কাস ছিঁড়ে যাওয়ায় এই ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমের বাকি সময়ের পাশাপাশি আসন্ন বিশ্বকাপেও খেলতে পারবেন না।
সোমবারের ম্যাচে রদ্রিগো দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। এর আগে এক মাসেরও বেশি সময় পেশির চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। ৬৬তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে গতি বাড়ানোর সময় প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের চ্যালেঞ্জে তার পা আটকে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতর হয়ে মাটিতে পড়ে যান রদ্রিগো। কিছুক্ষণ পর উঠে খেলা চালিয়ে যান এবং ম্যাচ শেষ করেন।
আরও পড়ুন: গেতাফের কাছে হেরে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা রিয়ালের
পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল মাদ্রিদের চিকিৎসক দল নিশ্চিত করেছে—রদ্রিগোর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে। এই ধরনের চোট সাধারণত ৬-৯ মাসের মধ্যে সেরে ওঠে। ফলে রদ্রিগোকে চলতি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হচ্ছে।


















































































































































































































































































































































































































































