ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি প্রথমবারের মতো ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২৬) খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত এই টুর্নামেন্টে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে ইতালি।
ইউরোপিয়ান বাছাইয়ে নেদারল্যান্ডস ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করে। ইতালি ৪ ম্যাচে ২ জয়, ১ হার ও ১ টাইয়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পায়। জার্সিও ৫ পয়েন্ট পেলেও তাদের নেট রান রেট (০.৩০৬) ইতালির (০.৬১২) তুলনায় কম হওয়ায় তারা বাদ পড়ে।
শেষ রাউন্ডে জার্সি স্কটল্যান্ডকে ১ উইকেটে হারায়, তবে বড় জয়ের অভাবে ইতালির নেট রান রেট অতিক্রম করতে পারেনি। অন্য ম্যাচে ইতালি নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারে। ইতালি প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে। নেদারল্যান্ডস ১৬.২ ওভারে ১৩৫ রানের লক্ষ্য পূরণ করে, তবে ইতালি ১৫তম ওভার পর্যন্ত খেলা প্রলম্বিত করে নেট রান রেটের সুবিধা ধরে রেখে যোগ্যতা নিশ্চিত করে।
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে উইয়ান মুল্ডার টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন
ইতালির এই সাফল্যে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস। তাদের উল্লেখযোগ্য জয়ের মধ্যে ছিল গার্নসি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে বিজয়। হ্যারি মানেন্তি স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।
স্কটল্যান্ড, যারা সর্বশেষ চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল, জার্সির কাছে শেষ বলে পরাজিত হয়ে বাদ পড়ে।
এখন পর্যন্ত ১০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫টি দল যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক হিসেবে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের সুপার এইট থেকে যোগ্যতা পায় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং বাছাই থেকে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস সুযোগ পায়। বাকি পাঁচটি দল নির্ধারিত হবে এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক (৩) ও আফ্রিকা (২) বাছাই থেকে।
সূত্র: আইসিসি


















































































































































































































































































































































































































































