তানজানিয়া-tanzania football-newsedge4
  • December 31, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

আফ্রিকা কাপ অব ন্যাশনসে (অ্যাফকন) মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরে ইতিহাস গড়েছে তানজানিয়া। বিরতির পর ফেইসাল সালুমের গোলে ১-১ ড্র করে গ্রুপ ‘সি’ থেকে তৃতীয় সেরা দলের একটি হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে দেশটি। নিজেদের ইতিহাসে এবারই প্রথম অ্যাফকনের নকআউট পর্বে উঠল তানজানিয়া। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি রাতে।

২০১৯ সালে অ্যাফকনে দলসংখ্যা ২৪-এ বাড়ার পর এবারই প্রথম কোনো দল মাত্র দুই পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠল। উল্লেখ্য, তানজানিয়া ২০২৭ অ্যাফকন কেনিয়া ও উগান্ডার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে। তবে মহাদেশীয় এই প্রতিযোগিতার মূল পর্বে এখনো জয়ের মুখ দেখেনি দলটি। ১২ ম্যাচে তাদের রেকর্ড ৫ ড্র ও ৭ হার।

রাবাতে বৃষ্টিভেজা মাঠে ৪৩তম মিনিটে ইব্রাহিম আবদাল্লাহর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় তিউনিসিয়া। ইসমাইল ঘারাবি সফল স্পট কিকে এগিয়ে নেন দলকে। বিরতির পর ৪৮তম মিনিটে ফেইসাল সালুমের শট তিউনিসিয়ার গোলকিপার আইমেন দাহমেনের হাত ফসকে জালে জড়ায়। এরপর আর গোল হয়নি।

ইতিহাস গড়ার পর তানজানিয়া কোচ মিগেল গামোন্দি বলেন, “দল প্রস্তুতের জন্য আমার পর্যাপ্ত সময় ছিল না। তবে আমরা ব্যবস্থাপনা ও ফেডারেশনের সঙ্গে একসঙ্গে কাজ করেছি এবং আমরা অত্যন্ত গর্ববোধ করছি, শুধু নিজের জন্য নয়, গোটা দেশের জন্য। এই যোগ্যতা অর্জন তানজানিয়ার জন্য এক বড় শিক্ষা, যা নিয়ে জাতির গর্ব করা উচিত। আমি আশা করি, এটি বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি আগামী প্রজন্মের খেলোয়াড়দের কাছেও তানজানিয়ান ফুটবলের সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেবে।”

গ্রুপ ‘সি’র অন্য ম্যাচ টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করা নাইজেরিয়া উগান্ডার বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয়। ১০ জনের উগান্ডার বিপক্ষে সুপার ঈগলরা সহজ জয় পায়। পরিস্থিতির কারণে উগান্ডাকে স্কোয়াডের তিন গোলকিপারকেই খেলাতে হয়।

আরও পড়ুন: সৌদি প্রো লীগে দেখা যেতে পারে মোহামেদ সালাহকে

গ্রুপ ‘ডি’ বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জিতে গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করে সেনেগাল। বতসোয়ানার বিপক্ষে একই স্কোরলাইনে জয়ী কঙ্গো ডিআর গ্রুপ রানার্সআপ। তানজানিয়ার মতো তৃতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোর টিকিট পায় বেনিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *