এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই প্রতীক্ষিত লড়াই। বাছাইয়ের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানালেন—সব প্রস্তুতি শেষ, এবার অপেক্ষা শুধু দর্শকদের অসীম সমর্থনের।
নেপালের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশের দুই গোলই করেছিলেন হামজা। ১–০ ব্যবধানে পিছিয়ে থাকার পর পেনাল্টিতে পানেককা শট এবং এরপর দুর্দান্ত বাইসাইকেল কিকে এগিয়ে নেন দলকে। তবে শেষদিকে গোল খেয়ে ম্যাচটি ২–২ ড্র হওয়ায় হতাশা ঝরে তার পোস্টে। তিনি লিখেছিলেন, “রাতের আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি, যেটি আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। আসুন, বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই।”
সেই বড় লড়াইটাই আজ—বাংলাদেশ বনাম ভারত। ম্যাচের আগের দিন হামজা জানালেন প্রস্তুতি সম্পন্ন। ফেসবুকে তিনি লিখেন, “বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করতে আর তর সইছে না! ইনশা আল্লাহ।”
আরও পড়ুন: শেষ দুই ম্যাচে ভালো ফলাফলের প্রতিশ্রুতি বাংলাদেশ ফুটবল দলের
একদিকে মাঠে প্রতিপক্ষ ভারত, অন্যদিকে গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস—সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে।


















































































































































































































































































































































































































































