বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হেমিং এর তত্ত্বাবধায়নে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নতুন রূপ পেয়েছে। প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ের পর মিরপুরের পিচকে তিনি এক নতুন মাত্রা দিয়েছেন। আগে থেকেই কালচে ধরনের পিচের জন্য পরিচিত মিরপুর এবার আরও ভিন্ন এক চরিত্র নিয়ে হাজির হয়েছে, যা আগামীকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের আগে আলোচনার কেন্দ্রে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি, যিনি জাতীয় দল ও বিপিএলের মাধ্যমে মিরপুরে বহুবার খেলেছেন, এবারের পিচকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি উইকেট দেখেছি। জানি না ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারব কি না, তবে এমন কিছু আগে কখনো দেখিনি।
উপমহাদেশের পিচ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং, তবে ভারত থেকে আসায় আমাদের ছেলেরা এ ধরনের কন্ডিশনে কিছুটা অভ্যস্ত।” স্যামি বুধবার বাংলাদেশে পৌঁছে বৃহস্পতিবার ও শুক্রবার পিচ পর্যবেক্ষণ করেছেন। তবে তিনি উইকেট নিয়ে বেশি ভাবতে চান না, বলেন, “কন্ডিশন যাই হোক, আমাদের দ্রুত বুঝে নিয়ে সঠিক স্কিলসেট করে খেলতে হবে। আমরা উইকেটকে মাথায় ঢুকতে দেব না।”
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
অন্যদিকে, বাংলাদেশের কোচ ফিল সিমন্স পিচ নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “আমার চেয়ে আপনারা মিরপুরের উইকেট বেশি জানেন। আমার কাছে এটি সাধারণ মিরপুরের উইকেট মনে হচ্ছে, যেখানে সাধারণত টার্ন থাকে, যা ভালো।” তিনি পিচের চরিত্র নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেননি।


















































































































































































































































































































































































































































