জাহানারার পাশে থাকার ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা-newsedge4
  • November 7, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। এই অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়েছে এবং বিসিবি দ্রুত তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে, জাহানারার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাহানারা সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং দলের ভেতরে একটি সিন্ডিকেট কাজ করছে। বিসিবির নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান এবং বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও মুখ খুলেছেন। তিনি বিসিবির পরিবর্তে স্বাধীন তদন্ত কমিটি দাবি করেছেন, যেখানে কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহানারার সঙ্গে যোগাযোগ করে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একটি বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, ‘আমাদের দফতর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’

বিসিবি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে। বোর্ড জানিয়েছে, তারা খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *