প্রচণ্ড গরমে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রার মধ্যেও শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপান লড়াই করে ড্র করেছে। ম্যাচটি ২-২ গোলে শেষ হয়।
ম্যাচের শুরুতে সতর্ক খেলা চললেও বিরতির পর নেদারল্যান্ডসের অধিনায়ক ভারজিল ভ্যান ডাইক গোল করে দলকে এগিয়ে নেন। জাপানের কিয়ানো নাকামুরা সমতা ফেরান। পরে ক্রেসেন্সিও সামারভিলের বাঁকানো শটে আবার এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ মুহূর্তে কোকি ওগাওয়ার হেডার দাইচি কামাদার গায়ে লেগে জালে ঢুকে জাপানকে সমতায় ফেরায়।
তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচিত হয়েছে জাপানি সমর্থকদের আচরণ। প্রায় ছয় হাজার মাইল দূর থেকে আসা হাজারো জাপানি দর্শক শত শত আবর্জনার ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। ম্যাচ শেষে অনেকে গ্যালারিতে পড়ে থাকা ময়লা পরিষ্কার করে স্টেডিয়াম ছেড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই আচরণকে ‘শ্রদ্ধাশীল’ ও ‘অত্যন্ত ভদ্র’ বলে ব্যাপক প্রশংসা করা হয়েছে। এটি প্রথম ঘটনা নয়। আগেও বিভিন্ন আসরে জাপানি সমর্থক ও খেলোয়াড়রা ড্রেসিংরুমসহ স্টেডিয়াম পরিষ্কার রাখার জন্য প্রশংসিত হয়েছেন।
জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ছোটবেলা থেকেই শেখানো হয়, যা খেলাধুলার মাঠেও প্রতিফলিত হয়।


















































































































































































































































































































































































































































