স্লোভাকিয়াকে ৬–০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল জার্মানি। সোমবার লাইপজিগের রেড বুল এরেনায় গ্রুপ–এ শীর্ষস্থান নিশ্চিত করতে জুলিয়ান নাগেলসমানের দলের শুধু পরাজয় এড়ালেই চলত, কিন্তু তার বদলে তারা দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
দুই মাস আগে ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার কাছে হারের স্মৃতিকে পিছনে ফেলে জার্মানরা ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায়। ১৮ মিনিটে নিউক্যাসল স্ট্রাইকার নিক ওল্টেমাডে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন। এটি ছিল তার টানা তিন ম্যাচে চতুর্থ আন্তর্জাতিক গোল।
২৯তম মিনিটে লিয়ন গোরেৎসকার থ্রু–বল ধরে নিচু শটে গোল করেন সের্জ জিনাব্রি। এরপর প্রথমার্ধেই দুই গোল করে ব্যবধান ৪–০ করেন লেরয় সানে। ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত লব–পাস থেকে ৩৬তম মিনিটে নিচু শটে এবং ৪১তম মিনিটে দুর্দান্ত ভলিতে দ্বিতীয় গোলটি করেন তিনি।
এর আগে স্লোভাকিয়া সমতায় ফেরার সুযোগ পেলেও জার্মান গোলরক্ষক অলিভার বাউমান দুবার দাভিদ দুরিসের শট ঠেকিয়ে দলকে বাঁচান। এরপর বিরতির আগে থেকেই শুরু হয় জার্মানদের গোল উৎসব।
দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী হয়ে ওঠে জার্মানি। ৬৪তম মিনিটে জিনাব্রির পাস ধরে রিডলে বাকু পঞ্চম গোল করেন। এরপর ৭৯তম মিনিটে মাঠে নামার মাত্র এক মিনিট পরে ১৭ বছর বয়সী ডেবিউট্যান্ট আসান ওউয়েদ্রাওগো গোল করে ইতিহাস গড়েন—গত ৭১ বছরে জার্মানির কোনো খেলোয়াড় এত কম বয়সে অভিষেকে গোল করতে পারেননি।
আরও পড়ুন: দাপুটে জয়ে লিথুয়ানিয়াকে উড়িয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডস
ম্যাচ শুরুর আগে দুই দলই ১২ পয়েন্টে সমান ছিল। কিন্তু গত মাসে নর্দান আয়ারল্যান্ডের কাছে স্লোভাকিয়ার হার এবং জার্মানির টানা চার জয়ের ধারায় গ্রুপ–এ শীর্ষস্থান নিশ্চিত করে ইউরোপিয়ান বাছাইপর্ব থেকেই সরাসরি বিশ্বকাপে উঠল জার্মানি।
অন্যদিকে, জার্মানির জয়ের রাতে স্লোভাকিয়াকে যেতে হচ্ছে প্লে–অফে। আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতির দিকে নজর দিচ্ছে জুলিয়ান নাগেলসমানের দল।



















































































































































































































































































































































































































































