ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার অনুশীলনের সময় সতীর্থ তরুণ ফুটবলার রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন, ওই মুহূর্তে তিনি সীমা ছাড়িয়ে গিয়েছিলেন।
ঘটনাটি ঘটে গত রোববার সান্তোসের অনুশীলনে। অভিযোগ ওঠে, ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ৩৪ বছর বয়সী নেইমার তার মুখে জোরে চড় মারেন।
এ ঘটনার পর সান্তোস ক্লাব তদন্ত শুরু করলেও পরে উভয় পক্ষ বিষয়টি মিটিয়ে ফেলেছে। মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ রেই পেলের অনুশীলন কেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘সম্পূর্ণ সমাধান হয়েছে’ বলে জানায়।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার গণমাধ্যমের সামনে ক্ষমা চেয়ে বলেন, “যদি গণমাধ্যমের সামনে ক্ষমা চাইতে হয়, তাহলে আমি ক্ষমা চাইছি। আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি। ভিন্নভাবে পরিস্থিতি সামলানো যেত, কিন্তু আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি।”
তিনি আরও বলেন, “সবাই ভুল করে। এটা আমারও ভুল ছিল, তারও ভুল ছিল। তবে আমার ভুলটা একটু বেশি হয়ে গেছে।” নেইমার রবিনহো জুনিয়রকে ‘খুব পছন্দ করেন এবং তার প্রতি বিশেষ স্নেহ রয়েছে’ বলে উল্লেখ করেন।
মঙ্গলবার দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করার পর বদলি খেলোয়াড় রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরেন নেইমার।
রবিনহো জুনিয়র সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ছেলে। তিনি জানান, নেইমার ঘটনার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলেন যে তিনি সীমা ছাড়িয়ে গেছেন এবং কয়েকবার ক্ষমাও চেয়েছেন। তরুণ ফুটবলার বলেন, “ছোটবেলা থেকেই নেইমার আমার আদর্শ। ঘটনাটি আমাকে কষ্ট দিয়েছিল। তবে এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আমি তাকে অনেক পছন্দ করি।”


















































































































































































































































































































































































































































