আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ‘অলিখিত সেমিফাইনাল’ হিসেবে বিবেচিত হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে, যারা ইতিমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এই বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে তুমুল আলোচনা।
টুর্নামেন্ট শুরুর আগে ওপেনিং জুটি তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উপর ছিল বড় প্রত্যাশা। কিন্তু তাদের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি ভাঙতে বাধ্য হয় দল। সাইফ হাসান তানজিদের সঙ্গী হয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩০ রান এবং শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ধারাবাহিক দুটি ফিফটি করেছেন। গতকাল ভারতের বিপক্ষে ৫১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ওপেনিংয়ে প্রথম পছন্দ হয়ে উঠেছেন। তানজিদ শেষ দুই ম্যাচে ব্যর্থ হলেও পারভেজ ভারতের বিপক্ষে ভালো ব্যাটিংয়ের আভাস দিয়েছেন।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অধিনায়ক লিটন দাস চোট কাটিয়ে আজ ফিরতে পারেন। তিনি ফিরলে তানজিদ বা পারভেজের মধ্যে একজন সাইফের সঙ্গে ওপেন করবেন। টপ অর্ডারে তাওহিদ হৃদয় চার নম্বরে, শামীম হোসেন পাঁচে এবং জাকের আলী ছয় নম্বরে ব্যাট করতে পারেন। তবে শামীম ও জাকেরের ব্যর্থতা মিডল অর্ডারে দুর্বলতা তৈরি করেছে। শামীম ভারতের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন, আর জাকের পাঁচ ম্যাচেও কোনো ছক্কা হাঁকাতে পারেননি। এই পরিস্থিতিতে নুরুল হাসানকে বিবেচনা করা হতে পারে, যিনি আফগানিস্তানের বিপক্ষে ৬ বলে ১২ রান করেছিলেন। তাকে খেলানো হলে শামীম বা জাকেরের জায়গা নিতে পারেন।
স্পিন বিভাগে রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা বেশি। পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যানদের মোকাবিলায় মেহেদী হাসান ফিরতে পারেন, এতে নাসুম আহমেদ বাদ পড়তে পারেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি খেললে মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়তে পারেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে তরুণ তানজিম হাসান জায়গা পেতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান/পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন/নুরুল হাসান, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান।


















































































































































































































































































































































































































































