যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা ও সামরিক সংঘাতের জেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বর্জন করতে পারে ইরান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আগামী জুনে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠেয় এই বিশ্ব আসরে অংশ না নেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “যুক্তরাষ্ট্রের হামলার পর এই বিশ্বকাপে অংশগ্রহণ আশা করা এখন খুবই কঠিন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের ক্রীড়া কর্মকর্তারা।”
এরই মধ্যে ইরান তাদের সব ঘরোয়া ফুটবল লীগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এশিয়ান বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে উঠলেও ভিসা জটিলতা, রাজনৈতিক বৈরিতা এবং নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের অংশগ্রহণ এখন খাদের কিনারে।
আরও পড়ুন: গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে ৫ কোটি ডলার দেবে ফিফা
ফিফা জানিয়েছে, তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থার একজন মুখপাত্র বলেন, “যেকোনো সদস্য দেশের অংশগ্রহণের সিদ্ধান্ত নিজস্ব, তবে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”
উল্লেখ্য, ছেলেদের দল বিশ্বকাপ বর্জনের পথে থাকলেও ইরানের নারী দল বর্তমানে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলছে। আগামীকাল সন্ধ্যায় তারা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।


















































































































































































































































































































































































































































