বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাই পর্বের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (৩ জুলাই) বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এরপর সন্ধ্যায় বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।
দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। মিয়ানমার দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের রয়েছে ১ পয়েন্ট করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাহরাইন বা তুর্কমেনিস্তান জিতলেও বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ নেই। মিয়ানমার শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট পেতে পারে, তবে টুর্নামেন্টের নিয়মানুযায়ী মুখোমুখি লড়াইয়ে জয়ের কারণে বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে খেলবে।
আগামী শনিবার (৫ জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ এখন নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।
টাইগ্রেসদের এই ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


















































































































































































































































































































































































































































