ফুটবলের যাদুকর লিওনেল মেসির ঝটিকা কলকাতা সফর শেষ হয়েছে চরম বিশৃঙ্খলা ও ভক্তদের তীব্র ক্ষোভের মধ্য দিয়ে। শীত উপেক্ষা করে মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে হাজারো ভক্তের উচ্ছ্বাসের পর যুবভারতী ক্রীড়াঙ্গনে চড়া দামের টিকিট কেটে আসা লাখো ফুটবলপ্রেমী মেসিকে মাঠে খেলতে দেখতে পাননি। সুয়ারেজ ও ডি পলকেও দেখা যায়নি। এতে ক্ষুব্ধ ভক্তরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে মারেন, বোতল ছুড়েন—যা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে।
মেসি স্টেডিয়ামে এসেছিলেন সামান্য সময়ের জন্য। পেনাল্টি কিক তো দূরের কথা, ফুটবলে পা ছোঁয়াননি। শাহরুখ খানসহ বিশিষ্টদের সঙ্গে ছবি তুলেছেন। অনুষ্ঠানের অব্যবস্থাপনায় ভক্তরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। আয়োজক, রাজনীতিবিদ ও ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ তোলেন। নিরাপত্তারক্ষীরা মেসিকে ঘিরে রাখায় তার ল্যাপটি (স্টেডিয়ামে ঘুরে ভক্তদের সঙ্গে সময় কাটানো) ছোট করা হয়।
সকালে হোটেলে কড়া নিরাপত্তায় বিশিষ্ট ব্যক্তিরা মেসির সঙ্গে দেখা করেন। তিনি ভার্চুয়ালি নিজের মূর্তি উদ্বোধন করেন।
আরও পড়ুন: দুই কিংবদন্তি মেসি-রোনালদোর যাদু যেন থামছেন না
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘অব্যবস্থা’য় ‘স্তম্ভিত ও বিচলিত’ বলে সমাজমাধ্যমে পোস্ট করেন। তিনি মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে নেন। ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
ভক্তদের একাংশ বলছেন, “চড়া টিকিট কেটে এসে মেসিকে দেখতে না পাওয়া অপমানজনক। আয়োজকদের দায়িত্বজ্ঞানহীনতা।”


















































































































































































































































































































































































































































