ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কোয়ালিফাই করেছে ফ্রান্স। টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল খেলা লেস ব্লুজদের এই জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
পিএসজির সাবেক হোম ভেন্যুতে খেলতে নেমে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর ঝড় তুলেছে দিদিয়ের দেশমের দল। ৫২ মিনিটে বক্সে মাইকেল অলিসেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে এমবাপ্পে ঠান্ডা মাথায় পানেনকা শৈলীর নিখুঁত চিপ করে বল জালে জড়ান। ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন কিছু বুঝে ওঠার আগেই লিড নেয় ফ্রান্স।
পেনাল্টির পর আরও দুবার গোলের কাছাকাছি গিয়েছিলেন এমবাপ্পে। ৭৬ মিনিটে অলিসের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হলে স্বস্তি ফিরে আসে। শেষদিকে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ক্যারিয়ারের ৪০০তম গোল পূর্ণ করেন ফরাসি তারকা। দেশের জার্সিতে ৫৫ গোল নিয়ে এখন তিনি অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ডের ঠিক পেছনে।
আরও পড়ুন: খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির
ম্যাচে দুই মিনিট বাকি থাকতে এমবাপ্পের নিখুঁত পাসে একিতিকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। এই জয়ে গ্রুপে শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করল টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা।


















































































































































































































































































































































































































































