ইংলিশ ফুটবলের রূপকথার জন্ম দেওয়া ক্লাব লেস্টার সিটির জন্য সময়টা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ২০১৬ সালে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লীগ জেতা সেই ক্লাবটি মাত্র ১০ বছরের মাথায় এখন তৃতীয় স্তরের ফুটবল বা ‘লীগ ওয়ান’-এ নেমে গেছে।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর অর্থাৎ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার অন্তিম লড়াইয়েও ব্যর্থ হলো লেস্টার সিটি। গত মঙ্গলবার রাতে অবনমন এড়ানোর বাঁচা-মরার লড়াইয়ে হাল সিটির মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু জয় ছিনিয়ে নিতে না পেরে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে হামজা চৌধুরীদের দল। এই ড্রয়ের ফলে ক্লাবটির অবনমন নিশ্চিত হয়ে গেছে।
২০১৬ সালে লেস্টার সিটি যখন প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছিল, তখন ফুটবল বিশ্ব একে ইতিহাসের অন্যতম সেরা চমক হিসেবে গণ্য করেছিল। তবে গত কয়েক মৌসুম ধরে ক্লাবটির পারফরম্যান্স গ্রাফ ছিল নিম্নমুখী।


















































































































































































































































































































































































































































